logo

ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
গবাদিপশুর খাদ্য তৈরিতে বিদ্যুৎচালিত ঘাস কাটার যন্ত্র। ছবি : এশিয়া পোস্ট

ঝিনাইদহের শৈলকুপায় বৈদ্যুতিক মেশিনে গবাদিপশুর ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনা ভৌমিক (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অমরেন্দ্র নাথ বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর খাবার তৈরির জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন। কাজের একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এ সময় তাকে বাঁচাতে স্ত্রী মিনা ভৌমিক এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন। এরপর দুজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। অতিরিক্ত বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটার সময় প্রথমে অমরেন্দ্র নাথ ভৌমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও বিদ্যুতায়িত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।