Advertisement

জুলাই নিয়ে কথা বলা ব্যবসা নয়: মাহমুদা মিতু

এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
জুলাই নিয়ে কথা বলা ব্যবসা নয়: মাহমুদা মিতু
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু। ছবি : এশিয়া পোস্ট

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক আলোচনা সভায় দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপির সমালোচনা করে বলেন, জুলাই আন্দোলনের চেতনা নিয়ে কথা বলা থেকে এনসিপিকে কেউ বিরত রাখতে পারবে না।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগের বিষয়টি এনসিপি ধারাবাহিকভাবে তুলে ধরছে উল্লেখ করে মাহমুদা মিতু বলেন, জুলাই নিয়ে কথা বলা কোনো ব্যবসা নয়। শহীদদের আত্মত্যাগ ও তাদের স্বপ্ন বাস্তবায়নের বিষয়টি আমরা সবসময় তুলে ধরব। এ প্রসঙ্গে তিনি বিএনপির সমালোচনাও করেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে জেলা এনসিপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা মিতু বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। তিনি ফিরে আসার কথা বলে নেতাকর্মীদের বিভ্রান্ত না করার আহ্বান জানান। তার ভাষ্য, তারা বিচারের মাধ্যমে শেখ হাসিনার জবাবদিহি নিশ্চিত করতে চান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ মাঠে নেমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে দলীয় নেতাকর্মীদের তা প্রতিহত করতে হবে।

বিএনপির প্রসঙ্গ টেনে মাহমুদা মিতু বলেন, বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া দেশের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন এবং সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে এনসিপির লক্ষ্য শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা, নারীর মর্যাদা প্রতিষ্ঠা এবং পুলিশসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার।

তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হবে না। তারা জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, দলের যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় নারীশক্তির যুগ্ম আহ্বায়ক খন্দকার খালেদা আক্তার, জেলা যুবশক্তির আহ্বায়ক মো. মুজিব, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক তাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী।

সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।