জামালপুর থেকে দ্বিতীয়বার সংসদে যাচ্ছেন নিলোফার চৌধুরী মনি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরকারি দল বিএনপির মনোনয়ন পেয়েছেন জামালপুরের নিলোফার চৌধুরী মনি। তিনি বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বিএনপি নেত্রী নবম জাতীয় সংসদে দলের সংরক্ষিত নারী আসন থেকে প্রতিনিধিত্ব করেছিলেন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নাম ঘোষণা করেন।
দল থেকে নিলোফার চৌধুরীকে মনোনীত করায় জামালপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। স্থানীয় বিএনপির নেতারা মনে করছেন, নিলোফার চৌধুরীর রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দলের কার্যক্রমকে আরও গতিশীল করবে।
জেলা বিএনপির সহসভাপতি শামিম আহমেদ এশিয়া পোস্টকে বলেন, নিলোফার চৌধুরী মনির মতো একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেত্রীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। তার মতো একজন যোগ্য ও অভিজ্ঞ নেত্রী মনোনয়ন পাওয়ায় আমরা জামালপুর বিএনপি অত্যন্ত আনন্দিত।
নিলোফার চৌধুরী মনি বর্তমানে বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩৭ থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৬৯ সালের ১৫ আগস্ট জামালপুর জেলার পাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ১৯৯৫ সালে এবং ১৯৯৮ সালে একই প্রতিষ্ঠান থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০১১ সালে নারীর ক্ষমতায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
জামালপুর জেলা বিএনপির সহসভাপতি শামিম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে তিনি দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। সংরক্ষিত নারী আসনের জন্য তাকে মনোনয়ন দেওয়া দলের একটি যথার্থ ও সময়োপযোগী সিদ্ধান্ত।
জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রান খান বলেন, তিনি মনোনীত হওয়ায় জেলা যুবদলের পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা জানাই। আমরা আশা করি, তিনি জেলার উন্নয়ন এবং প্রধান সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করবেন। তাকে মনোনীত করাই আমরা কেন্দ্রীয় বিএনপিকে ধন্যবাদ জানাই।