অবশেষে রংপুরের সেই ভাঙা সড়ক মেরামতের কাজ শুরু

এশিয়া পোস্ট নিউজ, রংপুর
অবশেষে রংপুরের সেই ভাঙা সড়ক মেরামতের কাজ শুরু
রাস্তার কাজের উদ্বোধন করেন রসিক প্রশাসক মাহফুজ-উন-নবী ডন। ছবি: এশিয়া পোস্ট

দীর্ঘদিন ভোগান্তি পোহানোর পর অবশেষে রংপুরের সেই আলোচিত সড়কটি মেরামতের কাজ শুরু হয়েছে। রংপুরসহ তিন জেলার যোগাযোগের প্রধান মাধ্যম, মহানগরীর সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে সিটি করপোরেশন। সড়কটি দ্রুত মেরামতের দাবিতে দীর্ঘদিন ধরে নানা ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১২ জুলাই) দুপুরে নগরীর সাতমাথা মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন।

সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ২০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে এই সড়কটি সংস্কার হচ্ছে। সংস্কার কাজের মধ্যে রয়েছে— পিচ ও আরসিসি ঢালাইয়ের রাস্তা তৈরি, দুপাশে পানি নিষ্কাশনের ড্রেন, রোড ডিভাইডার এবং সড়ক আলোকিত করতে ২৬০টি স্মার্ট এলইডি লাইট স্থাপন।

কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করে স্থানীয় বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয় বলেন, এই ভাঙা রাস্তার কারণে আমাদের কষ্টের শেষ ছিল না। দাবি আদায়ের জন্য আমাদের প্রতীকী জানাজা পড়া, ধানের চারা রোপণ ও লাল কার্ড দেখানোর মতো কর্মসূচিও পালন করতে হয়েছে। অবশেষে আজ কাজ শুরু হওয়ায় আমরা খুব আনন্দিত।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত সড়কটি চলাচলের একদম অযোগ্য ছিল। লালমনিরহাট, কুড়িগ্রাম, পীরগাছা ও কাউনিয়া এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগে পড়তেন।

সড়কটি সংস্কারের দাবিতে গত বছরের ২০ জুলাই সাতমাথা রেলগেট এলাকায় প্রতীকী জানাজা এবং ২৫ জুলাই ভাঙা সড়কের ওপর ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া বিভিন্ন সময়ে মানববন্ধন ও স্মারকলিপিও দিয়েছিলেন তারা।

বিষয় :রংপুর