logo
Advertisement

এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, আরও দুই আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,সাভার
এসবি সদস্যকে পিটিয়ে হত্যা, আরও দুই আসামি গ্রেপ্তার
নিহত পুলিশ সদস্য মো. আলতাব হোসেনের পরিচয়পত্র। ছবি: প্রথম আলো থেকে নেওয়া

সাভারের আমিনবাজারে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল হোতা জহিরুল ইসলামের পর আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নতুন করে গ্রেপ্তার হওয়া দুজন হলেন শুকুর ও দেলোয়ার।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের বিস্তারিত পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

মামলা সূত্রে জানা গেছে, তারা মামলার এজাহারনামীয় আসামি না হলেও তদন্তে প্রাপ্ত তথ্য ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে রোববার ভোরে এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জহিরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে সাভার মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া জহিরুল সাভারের বড়দেশী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে শনিবার রাতে এক বৃদ্ধ রিকশাচালককে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে কাছেই থাকা পুলিশ সদস্য আলতাফ হোসেন ঘটনার প্রতিবাদ জানান। এতে প্রাইভেটকারে থাকা যুবকেরা তার ওপর চড়াও হয় এবং পরবর্তীতে আরও লোক ডেকে এনে তাকে বেধড়ক পেটায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত মূল হোতা জহিরুলসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হলো। বাকি আসামিদের গ্রেপ্তারে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।