logo

মাদকবিরোধী অভিযানে হামলা, ইউএনওর গাড়ি ভাঙচুর

মাদকবিরোধী অভিযানে হামলা, ইউএনওর গাড়ি ভাঙচুর
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়ায় মাদক কারবারিদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন কেডিসিপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়লে গাড়ির গ্লাস ভেঙে যায়।

হামলায় গুরুতর আহতরা হলেন স্থানীয় বাসিন্দা কামরুল (৪০), শাম মোহাম্মদ (৪৫), মাইনুল (৩৫), ফারুক (৪৫) ও রিফাত (২৫)। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটির সদস্য সচিব ও আম ব্যবসায়ী নাসিরউদ্দীন জানান, রহনপুরের কেডিসিপাড়াকে (শান্তিপাড়া) মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করতে তারা কাজ করছেন। এরই অংশ হিসেবে সদস্যরা মাদকবিরোধী কাজ করতে গেলে স্থানীয় আব্দুল্লাহর লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে নারীসহ ১০ জন আহত হন। এ সময় ইউএনও ঘটনাস্থলে এলে তার গাড়িতেও হামলা চালানো হয়।

ঘটনার বিষয়ে ইউএনও জিল্লুর রহমান জানান, রহনপুর রেলস্টেশনের শান্তিপাড়ায় স্থানীয় আম ব্যবসায়ী ও মাদক কারবারিদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার সারা দিন দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি তদারকি করতে রাতে সেখানে গেলে মাদক কারবারিরা আম ব্যবসায়ীদের ওপর চড়াও হয় এবং এক ব্যবসায়ীকে আক্রমণ করে। আহত ওই আম ব্যবসায়ীকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হওয়ার সময় চারদিক থেকে ঢিল বা পাথর নিক্ষেপ করা হয়। এতে একটি পাথর লেগে তার গাড়ির গ্লাস ভেঙে যায়।

তিনি আরও জানান, স্থান ত্যাগ করার পর মাদক কারবারিরা আরও কয়েকজনের ওপর হামলা চালায়। এর মধ্যে ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, রাতে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। তবে মঙ্গলবার রাতের ঘটনার বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি।