পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের সমস্যার স্থায়ী সমাধানের কাজ করছে সরকার

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের সমস্যার স্থায়ী সমাধানের কাজ করছে সরকার
আশ্রয় নেওয়া লোকজনের খোঁজ নিচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। ছবি: এশিয়া পোস্ট

পাহাড়ের পাদদেশের ঝুঁকি নিয়ে বসবাসরতদের সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।। অঞ্চলের সব সমস্যা দূর করে জীবনমান উন্নয়নে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি পার্বত্য এলাকার বাঙালিসহ ১২ জাতিগোষ্ঠির সমউন্নয়ন করে প্রধানমন্ত্রী রংধনুর ন্যাশন স্বপ্ন বাস্তবায়নের কাজ চলমান বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৮ জুলাই) রাতে শহরের রাঙামাটির ভেদভেদী লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও রাতের খাবার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়সহ কযেকটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের আমি এখানে এসেছি। ইতোমধ্যে তিন পার্বত্য জেলায় তাৎক্ষণিক ১ হাজার ৩০০ মেট্রিক টন খাদ্যশষ্য বরাদ্দ দেওয়া হয়েছে। রাঙামাটির জন্য ৫শত মেট্রিকটন ও বাকি দুই জেলার জন্য ৪শত মেট্রিকটন করে খাদ্য শষ্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও পরবর্তিতে আর্থিক অনুদানও দেওয়া কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যেভাবে বৃষ্টি হচ্ছে যা গত ৪২ বছর ধরে হয়নি। তাই যারা এখনও পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে তাদের আশ্রয়কেন্দ্রে চলে আসার অনুরোধ করছি। সরকার আশ্রয়কেন্দ্রে সব ধরনের ব্যবস্থা রেখেছে। প্রকৃতি নিরাপদ হলে প্রশাসন বলবে তখনি বাড়ি ফিরবেন। আমরা আপনাদের সঙ্গে আছি এবং থাকব।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দর রকিব, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।

গত ৪ দিনের টানা ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দেয়ায় ঝুঁকি প্রবন এলাকায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে প্রশাসন। জেলায় ১৪০টি আশ্রয় কেন্দ্র খোলা হযেছে। যেখানে প্রায় ১ হাজার মানুষ অবস্থান করছেন।