সাভারে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ঢাকার সাভারে অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ জুন) ভোরে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এদিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, কাঞ্চনপুর এলাকার আরিফ ইসলাম, কাঞ্চনপুর এলাকার সাগর মিয়া, বক্তারপুর (তিন রাস্তার মোড়) এলাকার মো. মারুফ, পোড়াবাড়ি (জামে মসজিদ তিন রাস্তার মোড়) এলাকার মো. হুমায়ুন ও বক্তারপুর এলাকার মো. রাকেস।
এর আগে মঙ্গলবার রাতে সাভার থানার একটি টিম একটি মামলার ওয়ারেন্টভুক্ত মামলার প্রধান আসামিকে ধরতে অভিযান চালায়। সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের বক্তারপুর বালুর মাঠে অভিযানে গিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগীরা লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে এসে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামীম ১৭ জন নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় ১৮৬০ সালের দণ্ডবিধির ১১টি ধারায় সরকারি কর্মচারীকে আক্রমণ, মারধর, গুরুতর জখম ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে সাভার থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
