সিরাজদিখানে যুবদল নেতার বাড়ি ভাঙচুর, অভিযুক্ত বললেন ‘কক্সবাজার’ আছি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত শিকদারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
শাহাদাত শিকদারের অভিযোগ, সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ভাতিজা আবু সাঈদের বসতঘরে হামলা চালায়। এ সময় ঘরটিতে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়।
তবে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সিফাতুল ইসলাম জনি বলেন, আমি তিন দিন ধরে কক্সবাজারে আছি। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
