বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে রনজু সরকার (৩৩) নামে ১৩টি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর এলাকার দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনজু সরকার ওই গ্রামের মিন্টু সরকারের ছেলে। এসআরবি-৫ এর জয়পুরহাট সিপিসি-৩ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, দ্রুত বিচার, বিশেষ ক্ষমতা, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসবিরোধী ও ডাকাতিসহ বিভিন্ন আইনে মোট ১৩টি মামলা রয়েছে।
অভিযানে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি তাজা গুলি, একটি গুলির খোসা ও পাঁচটি মুঠোফোন জব্দ করা হয়।
এসআরবি-৫ জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

