গাইবান্ধায় জুলাই যোদ্ধাদের অনুষ্ঠানে এনসিপি ‘বয়কট’ স্লোগান, হাতাহাতি

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে এনসিপি ‘বয়কট’ স্লোগান দেওয়া কেন্দ্র করে বৈষম্যবিরোধী আন্দোলনের জুলাই যোদ্ধা ও এনসিপি সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমাবার (৫ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠান চলাকালে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) কয়েকজন নেতাকর্মী ইনডোর স্টেডিয়ামে প্রবেশ করলে প্রথমে জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেন।
একপর্যায়ে শরীফুল ইসলাম আকাশ নামে এক জুলাই যোদ্ধা এনসিপি ‘বয়কট’ বলে স্লোগান তুললে আশপাশের আরও কয়েকজন তার সঙ্গে যোগ দেন। এ সময় এনসিপি নেতারা এর প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এনসিপি বয়কটের স্লোগান দেওয়া প্রসঙ্গে জুলাই যোদ্ধা শরীফুল ইসলাম আকাশ বলেন, জুলাই যোদ্ধাদের নিয়ে কেউ অসম্মানজনক আচরণ করলে ছেড়ে কথা বলা হবে না। তারা আমাদের অসম্মান করায় আমরা এই স্লোগান দিতে বাধ্য হয়েছি।
ঘটনার বিষয়ে এনসিপির জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বলেন, যে ছেলেরা এনসিপি বয়কটের স্লোগান দিয়েছে, তারা হয়তো কোনো ক্ষোভ থেকে এটি করেছে। তবে এটি গণতান্ত্রিক ও স্বাধীন দেশ, এখানে যে কোনো বিষয়েই যে কেউ মতামত বা স্লোগান দিতেই পারে।



