logo

খুলনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনা থানা। ছবি: এশিয়া পোস্ট

খুলনার ডালমিল মোড় এলাকায় বাসার ভেতর থেকে ইতি আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহত ইতির স্বামী হৃদয় সিঙ্গাপুরপ্রবাসী। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতি আক্তার নগরীর ডালমিল পুলিশ ফাঁড়ির পেছনের এলাকার বাসিন্দা আলাউদ্দিন মৃধার মেয়ে।

জানা যায়, ঘটনার সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা খুলে তাকে উদ্ধার করেন। ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

ইতির বড় বোনের ভাষ্য, রাত ১২টা ৪৭ মিনিটে তার সঙ্গে সর্বশেষ মেসেজে কথা হয় ইতির। ওই সময় ইতি বিদায়সূচক কথা বলেন। পরে তিনি বাসায় এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি।

স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে ইতির দাম্পত্য কলহ চলছিল। স্বামী সময় দিতেন না এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আর্থিক সংকট ছিল না। আগের দিনও ইতি গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানান তার বড় বোন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে ইতির দাম্পত্য কলহ চলছিল বলে জানা গেছে। মৃত্যুর প্রকৃত কারণ ও উদ্ধার হওয়া চিরকুটের সত্যতা নিশ্চিত করতে পুলিশি তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।