logo
Advertisement

চালককে উদ্ধার না করে উল্টে পড়া পিকআপের মাছ ধরতে ব্যস্ত স্থানীয়রা

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
চালককে উদ্ধার না করে উল্টে পড়া পিকআপের মাছ ধরতে ব্যস্ত স্থানীয়রা
চালককে উদ্ধার না করে খালে উল্টে পড়া পিকআপের মাছ ধরতে ব্যস্ত স্থানীয়রা। ছবি: এশিয়া পোস্ট

ফেনীতে একটি মাছবাহী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে গেছে। তবে এই বিপদের মুহূর্তে দুর্ঘটনাকবলিত চালককে উদ্ধারের মানবিকতা দেখানোর চেয়ে গাড়িতে থাকা প্রায় দুই লাখ টাকার মাছ ধরে নেওয়ার প্রতিযোগিতায় মেতে ওঠেন স্থানীয়রা।

Advertisement

শুক্রবার (১২ জুন) সকালে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ভাঙার তকিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে চট্টগ্রাম ফিশারি ঘাটে যাওয়ার সময় তেলাপিয়া মাছবোঝাই পিকাপটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজ-সংলগ্ন ভাঙার তাকিয়া বাজারের পাশের খালে পড়ে যায়। এ সময় পিকআপ থেকে সব মাছ খালের পানিতে ভেসে যায়।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন মাছ ধরার জন্য খালে নেমে পড়েন। মুহূর্তের মধ্যেই শুরু হয় মাছ নেওয়ার ‘উৎসব’। যে যেভাবে পেরেছেন— বালতি, বস্তা কিংবা পলিথিন ভরে জীবন্ত তেলাপিয়া মাছ নিয়ে যান।

চালক মোহাম্মদ আল আমিন বলেন, ‘গাড়িটি যখন উল্টে খালে পড়ে গেল, আমি তখন জীবন বাঁচানোর চেষ্টা করছি। ভেবেছিলাম মানুষ আমাকে উদ্ধার করতে আসবে। কিন্তু দেখি মানুষ আমাকে সহযোগিতা করা তো দূরের কথা, উল্টো গাড়িতে থাকা আমার প্রায় দুই লাখ টাকার তেলাপিয়া মাছ যে যার মতো ধরে নিয়ে চলে গেল। চোখের সামনে সব শেষ হয়ে গেল, পরে আমি ও সহকারী কষ্ট করে গাড়ি থেকে বের হই।’

এ বিষয়ে ফেনীর বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ বিষয়ে হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এলে গাড়ি উদ্ধারসহ আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।