logo

বরগুনায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

বরগুনায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

বরগুনার আমতলীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন—উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের বাসিন্দা মো. মিরাজুল ইসলাম এবং সদর ইউনিয়নের মহিষডাঙ্গা এলাকার মো. বেল্লাল। আহতরা হলেন—অটোরিকশা চালক চাওড়া কালিবাড়ি এলাকার বাসিন্দা মো. ফাহাদ, আঠারোগাছিয়া সোনাখালী গ্রামের জসিম সিকদার ও তুহিন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অটোরিকশা মহিষকাটা এলাকা থেকে আমতলীর দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে অটোরিকশায় থাকা সকল যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পপি হালদার আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরে বরিশালে নেওয়ার পথে মো. বেল্লাল মারা যান। অপরদিকে মিরাজুল ইসলামের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে পথে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. পপি হালদার বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা বাদুরা বাজার এলাকায় ট্রাকটি আটক করে বলে জানা গেছে।

আমতলী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের পথে মৃত্যু হয়েছে এবং অপর একজন পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ট্রাকটি আটকের বিষয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।