চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি, এলাকায় আতঙ্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে এক পোল্ট্রি ব্যবসায়ীর বসতবাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ডলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, পোল্ট্রি ব্যবসায়ী লিটন দেবনাথের বসতবাড়ির উঠোনের দিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ নুরুল আবছার বলেন, গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





