স্থানীয় নির্বাচনে বিশৃঙ্খলা করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় নেই: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনে কেউ গোলযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপির নেতাকর্মীদেরও কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি দলের সুনাম রক্ষায় প্রয়োজন হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর পদক্ষেপ নেবেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের শোলাগাড়ি আদর্শ উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করেন।
মীর শাহে আলম বলেন, জনগণ পূর্ণ স্বাধীনতায় পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে কোনো দলীয় পরিচয়ের কারণে বাড়তি সুবিধা পাওয়া যাবে না; ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোনো বিশেষ এলাকা নয়, দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন করাই এই সরকারের মূল লক্ষ্য। এরই অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জিয়া পরিবারের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের বিভিন্ন সংকটে জিয়া পরিবার সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
