logo
Advertisement

কিশোরগঞ্জের দুই হাসপাতালে অভিযান, ১৭ দালাল আটক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের দুই হাসপাতালে অভিযান, ১৭ দালাল আটক
আটক দালালেরা। ছবি : এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের দুটি হাসপাতালে অভিযান চালিয়ে ১৭ দালালকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কিশোরগঞ্জ মডেল থানা যৌথভাবে এ অভিযান চালায়।

বিকেলে কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, একটি দালাল চক্র রোগীদের প্রলোভন দেখিয়ে দুটি হাসপাতাল থেকে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতেই একযোগে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানে মোট ৩২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন নারী। প্রাথমিক যাচাইয়ে ছয়জনের সেখানে উপস্থিত থাকার যৌক্তিক কারণ পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীদের ফুসলিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ আর দেওয়া হবে না। আটক ১৭ জনকে দালাল হিসেবে নিশ্চিত করা হয়েছে। বাকিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঞা উপস্থিত ছিলেন।