সাভারে অস্ত্রসহ যুবলীগ কর্মী গ্রেপ্তার
এশিয়া পোস্ট নিউজ, সাভার (ঢাকা)

সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ইমরান হোসেন সুলতান নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার রাতে বিরুলিয়ায় অভিযান চালিয়ে ইমরান হোসেন সুলতানকে গ্রেপ্তার করা হয়। তিনি তুরাগ থানা যুবলীগের একজন সক্রিয় কর্মী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিরুলিয়া এলাকার আবুল হোসেনের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।



