logo
Advertisement

চাঁদপুরে দুশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

এশিয়া পোস্ট নিউজ
চাঁদপুরে দুশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

চাঁদপুরে দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। শনিবার (১৮ এপ্রিল) চাঁদপুর প্রেসক্লাবে এনসিপির চাঁদপুর জেলা আহ্বায়ক মো. মাহবুব আলমের হাতে ফুল দিয়ে যোগদান করেন তারা।

Advertisement

চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

সভাপতির বক্তব্যে মো. মাহবুব আলম বলেন, আমরা চাঁদপুর থেকে এমন এক নতুন রাজনীতির সূচনা করতে চাই, যেখানে ব্যক্তির চেয়ে নাগরিকের অধিকার প্রাধান্য পাবে। যারা দেশের প্রতিটি লড়াই-সংগ্রামে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, সেই মুক্তিযোদ্ধা ও তরুণ বিপ্লবীদের সঙ্গে নিয়ে আমরা একটি বৈষম্যহীন চাঁদপুর গড়তে চাই।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। বিএনপি ও গণঅধিকারের মতো দল থেকে এত বিপুলসংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে দেশের মানুষ এনসিপির গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আমরা আশা করি, নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল ওলামা এলায়েন্স’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান মুফতি মাহমুদ হাসান, হাইমচর উপজেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান মুকুল, মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক ডিএম আলাউদ্দিন, শাহরাস্তি উপজেলার আহ্বায়ক ইমরান হোসাইন, চাঁদপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান, চাঁদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, চাঁদপুর পৌর কমিটির আহ্বায়ক শাহ আলম মিজি, সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন গাজী।

নতুনদের যোগদানে হলরুমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। যোগদানকারী সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।