বাসে চাঁদাবাজি করতে গিয়ে যুবদল নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহন থেকে চাঁদা তোলার অভিযোগে যুবদল নেতা সুব্রত কুমার বিশ্বাস ওরফে শুভকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার উথুলী-পাটুরিয়া সংযোগ মোড় থেকে চাঁদা তোলার সময় সাড়ে ১৫০০ টাকাসহ হাতেনাতে তাকে আটক করে শিবালয় থানা পুলিশ। আটক শুভ উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়নের বেলতা গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে। এ ঘটনায় সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালের দিকে উথুলী-পাটুরিয়া সংযোগ মোড়ে প্রতিদিনের মতো সেলফি পরিবহনের লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। এ সময় যুবদল নেতা সুব্রত বিশ্বাসসহ অজ্ঞাত তিন-চার ব্যক্তি এসে তার কাছ থেকে বাস কাউন্টারের প্রয়োজনীয় কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে তারা তাকে কোনো ডিউটি করতে হবে না বলে তাড়িয়ে দেয়। পরক্ষণেই সুব্রতসহ তিন-চারজন মিলে প্রতি সেলফি বাস থেকে ত্রিশ টাকা করে চাঁদা তুলতে থাকে। বিষয়টি লাইনম্যান মিজানুর কোম্পানির ম্যানেজারকে অবগত করেন। কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিরা থানা পুলিশকে ঘটনাটি জানালে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সুব্রত বিশ্বাসকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
সেলফি পরিবহন প্রাইভেট লিমিটেডের ম্যানেজার সবুর খান বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় দেড়শতাধিক সেলফি পরিবহনের বাস চলাচল করে থাকে। এ ঘটনার পর আমি সুব্রতদের মোবাইল ফোনে অনুরোধ করেছি এমন না করার জন্য। তারা উল্টো আমার কোম্পানির নিয়োগকৃত লাইনম্যান ও আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে। আর প্রতি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তুলেছে। পরে বাধ্য হয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।
উথুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান সরকার টুটুল বলেন, চাঁদাবাজির বিষয়টি আমি পুলিশের মাধ্যমে অবগত হয়েছি। সুব্রত কুমার বিশ্বাস আমার কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছে। আমি এবং আমার দল কোনোভাবেই চাঁদাবাজিকে সর্মথন করি না। এ ঘটনায় আমার উপজেলা ও জেলার নেতাদের সঙ্গে আলোচনা করে তদন্তপূর্বক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, সেলফি পরিবহনে চাঁদা তোলার অভিযোগে সুব্রত বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেছেন। আসামিকে আগামীকাল সকালে হাজতে প্রেরণ করা হবে।