পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন, জোট গঠন, প্রস্তাব প্রণয়ন ও ভোটাভুটিতে অংশ নিচ্ছেন দুই শতাধিক শিক্ষার্থী। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, নেতৃত্ব ও যুক্তিভিত্তিক চিন্তার সঙ্গে তরুণদের পরিচিত করতে পঞ্চগড়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘মডেল ইউনাইটেড ন্যাশনস’ বা ছায়া জাতিসংঘ সম্মেলন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটিউট মাঠে এ আয়োজনের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।
পঞ্চগড় পাইওনিয়ার্স আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধির ভূমিকায় অংশ নিচ্ছেন।
সম্মেলনের প্রথম দিন জেনারেল অ্যাসেম্বলিতে শরণার্থী সংকট, মানবাধিকার ও নিরাপদ আশ্রয় বিষয়ে প্রস্তাব ও যুক্তিতর্কে অংশ নেন বিভিন্ন দেশ ও সংবাদ সংস্থার প্রতিনিধির ভূমিকায় থাকা শিক্ষার্থীরা।
আয়োজকেরা জানান, মূল সম্মেলনের আগে অংশগ্রহণকারীদের প্রস্তুত করতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় অফলাইন ও অনলাইন কর্মশালার আয়োজন করা হয়। এসব কর্মশালায় জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, বিতর্ক, পাবলিক স্পিকিং, ক্রিটিক্যাল থিংকিং ও নেতৃত্ব বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পরে চূড়ান্ত অংশগ্রহণকারীদের বাছাই করা হয়।
পঞ্চগড়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিষয়াবলি ও কূটনীতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি পাবলিক স্পিকিং, নেগোশিয়েশন, ক্রিটিক্যাল থিংকিং, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় পাইওনিয়ার্সের পরিচালক ব্যারিস্টার নওশাদ জমির।
এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, লেখক ও আইনজীবী ব্যারিস্টার নওফল জমির, বিএনপি নেতা আদম সুফিসহ পঞ্চগড় পাইওনিয়ার্সের সদস্যরা উপস্থিত ছিলেন। শনিবার এ সম্মেলন শেষ হবে।


