বিএনপি নেতার বাড়িতে মিলল পেট্রোলভর্তি বোতল

সাতক্ষীরার কালিগঞ্জে ধলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুক্তার হোসেনের বাড়ির বারান্দা থেকে পেট্রোলভর্তি বোতল ও পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার খুব্দিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুব্দিপুর গ্রামের বাসিন্দা বিএনপি নেতা মুক্তার হোসেনের বাড়ির বারান্দায় রাতের কোনো এক সময় কে বা কারা পেট্রোলভর্তি একটি বোতল ও সাদা কস্টেপ দিয়ে মোড়ানো একটি কৌটা রেখে যায়। কৌটাটি পেট্রোল বোমার মতো দেখতে হওয়ায় পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তার আওতায় আনে এবং বস্তুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে পেট্রোল বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া হবে। একই সঙ্গে কারা এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



