মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনসহ গুরুত্বপূর্ণ পাঁচ স্থানে বোমাসদৃশ বস্তু

মেহেরপুর শহরের পুলিশ সুপারের বাসভবন, জেলা কারাগার, সার্কিট হাউস, পৌর কমিউনিটি সেন্টার ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-সংলগ্ন এলাকা থেকে পাঁচটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার পর শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পৃথকভাবে এসব বস্তু পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে শহরের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে থেকে চারটি এবং এর কিছুক্ষণ পর মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-সংলগ্ন এলাকা থেকে আরও একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। বস্তুগুলো শপিং ব্যাগের ভেতরে লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে রাখা হয়।
ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বললে তারা নাম প্রকাশ না করার শর্তে এশিয়া পোস্টকে জানান, বস্তুগুলো উদ্ধারের আগে একটি সাদা রঙের হাইএইচ ও একটি কালো রঙের নোহা মাইক্রোবাস ঘটনাস্থলগুলোর সামনে দিয়ে কয়েকবার দ্রুতগতিতে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে এসব গাড়ির সঙ্গে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনার সংশ্লিষ্টতা আছে কি না, তা সংশ্লিষ্ট স্থানগুলোর নিকটবর্তী সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলে নিশ্চিত হওয়া যাবে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে খবর পেয়ে পুলিশ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে থেকে পাঁচটি ককটেল বোমাসদৃশ বস্তু উদ্ধার করে। আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এগুলো রেখে যেতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

