স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে কী লিখেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
রোববার (২৬ জুলাই) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে (স্মারক বই) মন্তব্য লেখেন এবং তাতে স্বাক্ষর করেন তিনি।
পরিদর্শন বইয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ যা লিখেছেন, পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো–
‘বিসমিল্লাহির রহমানির রাহিম, জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাদের সর্বোচ্চ ত্যাগ ও অসীম দেশপ্রেমের বিনিময়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ লাভ করেছি। এই পবিত্র স্মৃতিসৌধ আমাদের জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য এবং দেশপ্রেমের চিরন্তন প্রতীক। আমি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং আমাদের মহান শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমরা সচেষ্টভাবে কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করছি।
মহান আল্লাহতাআলা আমাদের বীর শহীদদের আত্মাকে মাগফিরাত দান করুন এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ।’
এর আগে, এদিন বেলা ১১টা ৩২ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন এবং ১১টা ৩৮ মিনিটে বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন ও স্মারক মন্তব্য লেখা শেষে ১১টা ৪৬ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানরাসহ ঊর্ধ্বতন সরকারি ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)






