পূজামণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীর বাইরে সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব দেখতে আগামী ২০ অক্টোবর রংপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান।
জেলা প্রশাসক জানান, সফরকালে প্রধানমন্ত্রী একটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এর অংশ হিসেবে নগরীর শ্রী শ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা ও গুপ্তপাড়া মন্দির প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে যে কোনো একটি মণ্ডপে তার যাওয়ার কথা রয়েছে। তবে চূড়ান্তভাবে তিনি কোন মণ্ডপে যাবেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও বিমানবন্দর থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি রংপুরের নগরীর রাধা গোবিন্দ মন্দিরের (ধর্মসভা) উদ্দেশ্যে রওনা হবেন। বেলা ১১টার দিকে তিনি ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চাঙা ভাব দেখা দিয়েছে। সফরকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সমন্বয় জোরদার, সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে ঐক্য সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সফর সফল করতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর কোতোয়ালি থানার সামনে ‘তিলোত্তমা হোটেলে’ এক জরুরি সভা আহ্বান করেছে জেলা বিএনপি। সভায় রংপুর জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌরসভা কমিটি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
শ্রী শ্রী দুর্গা মন্দির (গুপ্তপাড়া, রংপুর)-এর সভাপতি সুব্রত সরকার মুকুল জানান, আমরা এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। তবে এসএসএফ ও এনএসআই প্রতিনিধিদল পরিদর্শন করে গেছে। আমরা প্রধানমন্ত্রীর সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছি।
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রংপুরের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয়ভাবেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী রংপুরের এক বা একাধিক পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে।
তিনি আরও বলেন, এটি একটি বিরল ও ঐতিহাসিক ঘটনা। কারণ প্রধানমন্ত্রী রাজধানীর বাইরে প্রত্যন্ত অঞ্চলে শারদীয় উৎসব দেখতে আসছেন, যা পুরো নগরীকে সম্মানিত করবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সফর সফল ও নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।
