logo

অবৈধভাবে মজুত ২৪ ড্রাম জ্বালানি তেল জব্দ 

অবৈধভাবে মজুত ২৪ ড্রাম জ্বালানি তেল জব্দ 

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ২৪ ড্রাম তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ‘মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ’-এর দুটি গুদামঘর থেকে অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিনসহ মোট ২৪ ড্রাম জ্বালানি তেল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসনের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুত করার পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের মালিক মো. মিলন মাহমুদকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে জব্দকৃত তেল সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় রাখা হয়। পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে সরকার নির্ধারিত দামে তেল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে, যা এখনো চলমান রয়েছে।

বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।