আন্দোলনের মুখে সিকৃবির উপাচার্য পরিবর্তন, নতুন উপাচার্য ড. শফি উল্লাহ

শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য (ভিসি) পদে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬’-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে আগামী চার বছর মেয়াদের জন্য সিকৃবির উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
এর আগে, ২০২৪ সালের ১৭ অক্টোবর সিকৃবির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
সম্প্রতি সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের টানা আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টিতে স্থবিরতা ও অচলাবস্থা বিরাজ করছিল। এই পরিস্থিতিতেই উপাচার্য পদে পরিবর্তন আনল সরকার।
