সৌদি প্রবাসী স্ত্রী টাকা না পাঠানোয় শ্যালককে অপহরণ, দুলাভাই আটক

হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ বন্দের বাড়ি এলাকা থেকে সানি (৭) নামে এক শিশুকে ঘর থেকে অপহরণের ঘটনা ঘটে। অপহরণের ১৫ ঘণ্টা পর বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে বানিয়াচং উপজেলার শাহাপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির দুলাভাই জিহানকে আটক করা হয়।
পুলিশ জানায়, পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির দুলাভাই জিহানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে বানিয়াচং উপজেলার শাহাপুর গ্রামে জিহানের বোনের বাড়ি থেকে সানিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে পশ্চিম ভাদৈ বন্দের বাড়ি এলাকার মৃত জাহাঙ্গীর মিয়ার মেয়েকে বিয়ে করেন একই এলাকার মুখো মিয়ার ছেলে আজিজুর রহমান ওরফে জিহান। বিয়ের কিছুদিন পর জিহানের স্ত্রী সৌদি আরবে চলে যান। প্রথম দিকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও পরে পারিবারিক বিরোধ দেখা দেয়। একপর্যায়ে জিহানের স্ত্রী তাকে টাকা দেওয়া বন্ধ করে দেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পুলিশের প্রাথমিক ধারণা, ওই পারিবারিক বিরোধের জেরেই শিশুটিকে তুলে নেওয়ার ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং অপহরণের প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।
শিশুটির মা আনু বেগম বলেন, মঙ্গলবার গভীর রাতে পশ্চিম ভাদৈ বন্দের বাড়ি এলাকার মৃত জাহাঙ্গীর মিয়ার ঘরে ৪-৫ জনের একটি দল প্রবেশ করে সানিকে তুলে নিয়ে যায়। স্থানীয় মুরুব্বিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মেয়ে জামাইয়ের বোনের বাড়ি থেকে আমার ছেলে পাওয়া গেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে উদ্ধার হওয়া শিশু সানিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।