বলাৎকারে ব্যর্থ হয়ে শিশু হত্যার অভিযোগ, ১৪ বছরের কিশোর আটক

ময়মনসিংহের নান্দাইলে বলাৎকারের চেষ্টায় বাধা দেওয়ায় সাত বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ও অভিযুক্ত কিশোর একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে জলপাই কুড়ানোর কথা বলে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নেয় কিশোরটি। পরে একটি ঘরে নিয়ে তাকে বলাৎকারের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এ সময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরে শিশুটির মরদেহ বাড়ির পাশের একটি ঝোপে ফেলে রাখা হয় বলে অভিযোগ।
এদিকে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে কিশোরটির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সে ঘটনার কথা জানায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
এরপর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


