logo

ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক সাবরেজিস্ট্রার

ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক সাবরেজিস্ট্রার
ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক আবদুস সোবাহান। ছবি: দুদক থেকে পাওয়া

চট্টগ্রাম আদালত ভবন এলাকার জেলা রেজিস্ট্রি কার্যালয়ে ঘুষের নগদ ২ লাখ টাকা নেওয়ার সময় পাহাড়তলী জোনের সাবরেজিস্ট্রার আবদুস সোবাহানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি বিশেষ দল ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ঘুষ হিসেবে গ্রহণ করা নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন।

তিনি জানান, এক সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষের টাকা গ্রহণকালেই দুর্নীতি দমন কমিশনের সদস্যরা হাতেনাতে সাবরেজিস্ট্রার আবদুস সোবাহানকে ধরে ফেলেন।

উপপরিচালক মো. আল-আমিন বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘুষের টাকাসহ সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রারকে আটক করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত আবদুস সোবাহানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহসহ পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে দুদক।’

আটক সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংস্থাটি।