মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে মোটরসাইকেলের জন্য তেল আনতে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না মো. অন্তর (২০) নামে এক তরুণের। দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার সংলগ্ন মিদ্দা বাড়ির একরামুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জে অকটেন-পেট্রোলের সংকট থাকায় বিকেলে অন্তর তেল আনতে ফেনীর একটি পাম্পে যান। তেল সংগ্রহ করে ফেরার পথে এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এ সময় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।
চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহতের স্বজনেরা দুর্ঘটনার সঠিক কারণ ও দ্রুত জড়িত যানবাহন শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে ফেনী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো.সাখায়েত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।