logo

কলেজছাত্রীকে উত্ত্যক্ত-ধর্ষণের হুমকির প্রতিবাদে হবিগঞ্জে সড়ক অবরোধ

কলেজছাত্রীকে উত্ত্যক্ত-ধর্ষণের হুমকির প্রতিবাদে হবিগঞ্জে সড়ক অবরোধ
সড়কে ছাত্রীদের অবস্থান। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকির প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে থেকে ‘ছাত্র-ছাত্রী ও সচেতন এলাকাবাসী’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি আউশকান্দি হীরাগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এক ছাত্রদল কর্মী ও তার সহযোগী দীর্ঘদিন ধরে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছেন। সম্প্রতি তারা ওই শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দিয়েছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিচারের আশ্বাস দেওয়া হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।