রাতভর বৃষ্টিতে প্লাবিত ময়মনসিংহ শহর

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
রাতভর বৃষ্টিতে প্লাবিত ময়মনসিংহ শহর
ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনের সড়কে জমে আছে বৃস্টির পানি। বুধবার সকালে শহরের চরপাড়া এলাকা থেকে তোলা। ছবি: এশিয়া পোস্ট

এক রাতের টানা বৃষ্টিতে ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় পনি জমে গেছে। কোথাও হাঁটুপানি, কোথাও ঘরে ঢুকেছে ড্রেনের ময়লাযুক্ত পানি। এতে অনেক কর্মজীবী সময় মতো কর্মস্থলে পৌঁছাতে বেগ পোহাতে হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে ঘুরে দেখা যায়, শহরের চরপাড়া, ভাটিকাশর, কাচিঝুলি, বাসবাড়ি কলোনি, নয়াপাড়া, কপিক্ষেতসহ বিভিন্ন এলাকায় পানি জমে আছে। অনেক বাসা-বাড়ির ভেতরে পানি আটকে আছে। কোথাও-কোথাও ড্রেনের ময়লাযুক্ত পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন। সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে বিভিন্ন স্থানে জমে থাকা পলি অপসারণের কাজ চলছে এবং পানি দ্রুত নিষ্কাশনের চেষ্টা করা হচ্ছে।

শহরের বাসিন্দাদের মতে, অপরিকল্পিত নগরায়ণ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালা দখল এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব - সব মিলিয়ে জলাবদ্ধতা নিরসনে কোনো সমাধান দেখা যায় না। অনেক এলাকায় ড্রেন ময়লা-আবর্জনায় ভরে থাকায় পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না।

নগরের বাসবাড়ি কলোনি এলাকার বাসিন্দা রতন আহমেদ বলেন, বর্ষা এলেই একই দুর্ভোগ দেখতে দেখতে আমরা ক্লান্ত। এবার অন্তত স্থায়ী সমাধানের উদ্যোগ দেখতে চাই।

ময়মনসিংহ মঞ্চের সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদ বলেন, কয়েক ঘণ্টার বৃষ্টিতে অনেক এলাকায় হাঁটুপানি জমে যায়। কর্মজীবী মানুষ সময়মতো কর্মস্থলে যেতে পারেন না, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া ব্যাহত হয়। অনেকের ঘরে ড্রেনের ময়লাযুক্ত পানি ঢুকে পড়ে। দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মানুষ মুক্তি চায়।

জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান মনে করেন, আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা, জলাধার সংরক্ষণ এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রীনিবাসের সামনের সড়কে জমে আছে পানি। ছবি: এশিয়া পোস্ট
ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রীনিবাসের সামনের সড়কে জমে আছে পানি। ছবি: এশিয়া পোস্ট

সংশ্লিষ্ট সূত্র বলছে, জলাবদ্ধতা নিরসনে গত কয়েক অর্থবছরে খাল খনন, খাল পরিষ্কার ও ড্রেন নির্মাণে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন।

২০২০-২১ অর্থবছরে ব্যয় হয়েছে ২৫ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা। পরের বছর তা বেড়ে দাঁড়ায় ৫৪ লাখ ৮৫ হাজার ৮৪০ টাকা।

২০২২- ২৩ অর্থবছরে ব্যয় হয় ৬০ লাখ ৩০ হাজার এবং ২০২৩- ২৪ অর্থবছরে ৬৩ লাখ ৯০ হাজার টাকা।

২০২৪- ২৫ অর্থবছরে ব্যয়ের হিসাব নিশ্চিত হওয়া যায়নি। চলতি ২০২৫- ২৬ অর্থবছরেও খাল খনন, পরিষ্কার ও ড্রেন নির্মাণকাজ অব্যাহত রয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ বলেন, জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে পরিস্থিতির উন্নতি হবে।

সংস্থাটির প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, খালের পানিপ্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে। একই সঙ্গে নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খাল ও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেললে পানি নিষ্কাশন স্বাভাবিক রাখা সহজ হবে।

বিষয় :ময়মনসিংহ