logo

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি, মাঠে থাকবে এসআরবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি, মাঠে থাকবে এসআরবি
ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন এসআরবি-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম। ছবি: এশিয়া পোস্ট

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারির সঙ্গে কাজ করার কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুরের এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।

তিনি জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৩ দায়িত্ব পালন করবে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঠাকুরগাঁও-১ আসনে মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ এবং ৭০টি কেন্দ্রকে ‘মধ্যম গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের আগের দিন ২৮ অক্টোবর থেকে ভোটের দিন এবং পরবর্তী দুই দিন (৩১ অক্টোবর পর্যন্ত) এসআরবি সদস্যরা মাঠে নিয়োজিত থাকবেন।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে সমন্বিত টহল পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে ছয়টি মোবাইল টহল দল এবং দুটি স্ট্রাইকিং রিজার্ভ দল মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। এসব দল এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তকরণ এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে।

এ ছাড়া নিরাপত্তা জোরদারে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে, যা গুরুত্বপূর্ণ স্থানে সন্দেহজনক বস্তু শনাক্তে কাজ করবে। বিস্ফোরকসংক্রান্ত হুমকি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে একটি বোমা ডিসপোজাল ইউনিট। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত তথ্য সংগ্রহের জন্য ড্রোন ব্যবহার করা হবে। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে টহল সদস্যরা ব্যবহার করবেন বডি-ওর্ন ক্যামেরা।

নির্বাচনি নিরাপত্তা সমন্বয়ের জন্য একটি ‘অপারেশনস কন্ট্রোল রুম’ চালু করা হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের টহল দলের সঙ্গে যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। পাশাপাশি ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে এসআরবি-১৩ সর্বোচ্চ সতর্ক থাকবে।

তিনি ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে কোনো সন্দেহজনক বস্তু বা নাশকতার আশঙ্কা দেখা দিলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করেন।

তিনি আরও জানান, দায়িত্ব পালনকারী সদস্যদের নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিতে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। গণমাধ্যমকর্মীদেরও যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

সবশেষে এসআরবি-১৩ এর অধিনায়ক আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।