বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হবে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়াবাসীর জন্য নতুন সুখবর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, শহীদ চান্দু স্টেডিয়ামে আগামী ৮ ও ৯ জুন আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এ ছাড়া শিগগিরই বগুড়ায় নতুন একটি ফুটবল মাঠ করার পরিকল্পনা রয়েছে।
শনিবার (২ মে) বিকেলে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে দেশব্যাপী এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। বগুড়া প্রান্ত থেকে প্রতিমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে স্থানীয়ভাবে কর্মসূচির সূচনা করেন।
বিগত বিনা ভোটের স্বৈরাচার সরকার দেশে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী তৈরি করেছে মন্তব্য করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, কর্মসংস্থান ও খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে। খেলাধুলাকে এখন পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ির মাধ্যমে যেভাবে দেশে সাংস্কৃতিক প্রতিভা তৈরি করেছিলেন, সেই ধারাবাহিকতায় এবার ক্রীড়াঙ্গনে প্রতিভা খুঁজে পেতে নতুন কুঁড়ি স্পোর্টস চালু হলো। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আটটি ইভেন্টে এই প্রতিযোগিতা চলবে। এখান থেকেই আগামীর জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসবে।
মীর শাহে আলম জানান, ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়নে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। ক্রীড়াকে পেশা হিসেবে নিতে সাবেক ও বর্তমান জাতীয়-আন্তর্জাতিক খেলোয়াড়দের মাসিক সম্মানী ভাতা দেওয়া শুরু হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ‘গোল্ড কাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সারা বছর আন্তঃস্কুল ও আন্তঃউপজেলা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে মাঠগুলো সচল রাখা হবে, যাতে তরুণ সমাজ মোবাইল আসক্তি ও মাদক ছেড়ে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে।
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর আগামী জুন মাসের মাঝামাঝি স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তর্জাতিক বিমানবন্দর চালুর লক্ষ্যে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পরিদর্শনে আসবেন। বগুড়া বিশ্ববিদ্যালয়কে প্রকৌশল, কৃষি ও চিকিৎসাসহ বহুমাত্রিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে আইন সংশোধন করা হচ্ছে। এ ছাড়া বগুড়া সিটি করপোরেশন খুব দ্রুতই নিকার-এ অনুমোদন পেয়ে গেজেটভুক্ত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
বগুড়ার ১২টি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে মোট ১৩টি টিম এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রথম দিনে তায়কোয়ান্ডো, দাবা, ফুটবল ও কাবাডি ইভেন্ট অনুষ্ঠিত হয়। রোববার (৩ মে) ক্রিকেট, অ্যাথলেটিক্স, সাঁতার ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে এসব ইভেন্ট ব্যাপক প্রচারের মাধ্যমে ক্রীড়া আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।