logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বাড়ছে যানবাহনের, নেই যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বাড়ছে যানবাহনের, নেই যানজট

ঈদের ছুটি ঘিরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সকাল থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। ভোর থেকেই দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহনের চলাচল বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই চাপ আরও বাড়তে পারে।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকে ঘরমুখো মানুষের ভিড়ে মহাসড়কে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কিছু কিছু স্থানে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি চাপ দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিশেষ করে মহাসড়কে চার লেন সড়কে থাকলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কিছু অংশে রাস্তার কাজ অসম্পন্ন থাকায় দুই লেনে গাড়ি যাতায়াত করছে। এতে অতিরিক্ত যানবাহনের চলাচলে হলেও যানজট নেই।

এদিকে যাত্রীরা বাসের টিকিট না পাওয়ায় বাসের ছাদে, ট্রাকে পিকআপে করে বাড়ি যাচ্ছেন এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। মহাসড়কে এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যানজট নিরসনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ বলেন, গত দুই দিনের মতো যানবাহনের চাপ থাকলেও কোনো যানজট সৃষ্টি হয়নি। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।