Advertisement

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকাতে পৌঁছান তিনি।

Advertisement

সড়কপথে সেখানে পৌঁছে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট ও আশপাশের এলাকায় জনতার ঢল নামে। তাকে একনজর দেখতে সমবেত হন হাজারও মানুষ।

সফরসূচি অনুযায়ী, এদিন দুপুর ১২টায় প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলার উদ্দেশে রওনা হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। বেলা ১২টা ৫৫ মিনিটে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠের উদ্দেশে রওনা দেবেন এবং দুপুর ১টায় সেখানে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।

পরে ১টা ৪৫ মিনিটে তিনি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে যাত্রা করবেন। বেলা আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউজে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসানালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। দিনব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।