সিঁধ কেটে ঘরে ঢুকে বিধবা প্রতিবন্ধী নারীকে হত্যা

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় সিঁধ কেটে ঘরে ঢুকে আমিজা খাতুন (৪৬) নামে এক বিধবা প্রতিবন্ধী নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ ঘরের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আমিজা খাতুন শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর মাস্টারপাড়া গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী। তার কোনো সন্তান নেই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী আমিজা খাতুন আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে বাড়িতে একাই বাস করতেন। জীবিকা নির্বাহের জন্য বাড়ির পাশের এমএইচ উচ্চবিদ্যালয়ের সামনে একটি মুদি দোকান চালাতেন তিনি।
সোমবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তার টিনের ঘরের পশ্চিম পাশে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। মঙ্গলবার সকাল ১০টা পার হলেও আমিজা দোকান খুলতে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান তারা। পরে ঘরের পশ্চিম পাশে সিঁধ কাটা অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানার ওপর আমিজার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তার মুখের ওপর কাঁথা ও বালিশ চাপা দেওয়া ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে আমিজার নাক ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি জেগে উঠলে তার মুখে বালিশ ও কাঁথা চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।
আলমাস আলী আরও বলেন, নিহতের গলায় দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

