তারাবিতে ছিল শিক্ষার্থীরা, আগুনে পুড়ল মাদ্রাসা

কুমিল্লার লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী এলাকায় অবস্থিত ছালেহীয়া আলিয়া দ্বীনিয়া মাদ্রাসা ও এতিমখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা তারাবির নামাজে ছিল।
সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে মাদ্রাসার অন্তত ১০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মাদ্রাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ জানান, ঈদের জন্য কেনা শিক্ষার্থীদের নতুন জামাকাপড়সহ নগদ অর্থ ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সময় শিক্ষক-শিক্ষার্থীরা মাদ্রাসার পাশে থাকা মসজিদে তারাবির নামাজে ছিলেন। হঠাৎ এক শিক্ষার্থী মাদ্রাসায় আগুন জ্বলতে দেখে চিৎকার করলে সবাই দ্রুত বেরিয়ে আসেন। পরে লাকসাম ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তাদের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা বলেন, প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।