logo

শিশুর চিৎকারে ধরা পড়লেন যুবক, পালালেন সঙ্গে থাকা দুজন

শিশুর চিৎকারে ধরা পড়লেন যুবক, পালালেন সঙ্গে থাকা দুজন
আটক রাশেদ গাজী। ছবি : এশিয়া পোস্ট

শরীয়তপুরে তিন বছরের এক শিশুকে কোলে নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে রাশেদ গাজী (২৫) নামের এক যুবককে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে যান বলে জানা গেছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার চৌরঙ্গী বড় সেতুর সামনে এ ঘটনা ঘটে।

Advertisement

আটক রাশেদ গাজী শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার আবু আলম গাজীর ছেলে।

শিশুটির বাবা নড়িয়া উপজেলার বাসিন্দা মো. আলমগীর হোসেন জানান, অসুস্থ স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তিনি চিকিৎসার জন্য সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে এসেছিলেন। বিকেলে স্ত্রীর জন্য ওষুধ কিনতে নিচে নামলে তার তিন বছরের মেয়ে তোহাও পেছন পেছন নিচে চলে আসে।

আলমগীর হোসেনের অভিযোগ, এ সময় রাশেদ হঠাৎ তার মেয়েকে কোলে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে রাশেদকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাশেদকে থানায় নিয়ে যায়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ওই যুবককে থানায় আনা হয়েছে। তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট