বরিশালে জনসভায় যোগ দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী সফর করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে নির্বাচনি জনসভায় যোগ দেন তিনি।
জনসভা উপলক্ষে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। এরই মধ্যে প্রধান অতিথির বক্তব্য রাখতে সেই মঞ্চে উঠেছেন তারেক রহমান।
আজ দুপুর ১২টা ৩০ মিনিটে যখন তিনি মঞ্চে ওঠেন, তাকে উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত করেন নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় নেতাকর্মীরা সমস্বরে স্লোগান দেন, 'তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’।
তারেক রহমানও মঞ্চ থেকে হাত নাড়িয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন।
দীর্ঘ ২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান। দেশবাসীর উদ্দেশে নির্বাচনি বার্তা দেওয়ার পাশাপাশি এ মঞ্চেই বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপি ও শরিক প্রার্থীদের পরিচয় করে দেবেন তিনি।
দলের চেয়ারম্যানের এই সফর উপলক্ষে বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আনন্দ বিরাজ করছে।
বিভাগের ছয় জেলা ও উপজেলা থেকে সমাবেশের এক দিন আগেই নেতাকর্মীরা বরিশাল নগরীতে অবস্থান নিয়েছেন। মঙ্গলবার দুপুরের পর থেকেই তারা বেলস পার্ক মাঠে এসে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করছেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, শুধু বিএনপির নেতাকর্মীই নয়। আপামর জনগণ সবাই উপস্থিত হবেন। স্বাভাবিক দৃষ্টিতে সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়। এটা নিরূপণ করতে হলে টেকনোলজি ব্যবহার করতে হবে।
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। সমাবেশস্থলসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন থাকবে। শুধু সমাবেশই নয়, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড রক্ষায় কাজ করছে পুলিশ। অন্য প্রার্থীদের প্রচারণায় নিরাপত্তা দিতেও পুলিশ নগরীতে থাকবে।