ছাত্রদল নেতা শাকিল হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য আটক আরও ২ জন

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় স্থানীয় এমপির ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তারের পর আরও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার ধারাবারিষা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার ধারাবারিষা গ্রামের আল আমিন ও আনিছুর রহমান।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলার তদন্তকাজ চলমান রয়েছে। তদন্তের সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাতে ধারাাবারিষা গ্রাম থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।



