জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার ৫

জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে পাঁচ অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে জয়পুরহাট সদর থানার দোগাছী ইউনিয়নের পশ্চিম পেচুলিয়া এলাকার একটি বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার দোগাছী পেচুলিয়া এলাকার মো. জিসান (২৩), পশ্চিম পেচুলিয়া গ্রামের মো. হাসান আলী (২৭), মিশন খাস পাওনান্দার মো. সাজ্জাদ হোসেন (১৯) এবং নওগাঁর ধামইরহাটের পশ্চিম রূপনারায়ণপুরের নীরব বর্মন (২২) ও রামরামপুর তেলিপাড়ার মো. বায়েজিদ বোস্তামী (২০)।
ডিবি পুলিশ শুক্রবার (৩ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পশ্চিম পেচুলিয়া গ্রামের মো. নজরুল ইসলামের বাড়িতে ডিবির একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ৪টি মোবাইলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে ডিবির এমন অভিযান অব্যাহত থাকবে।




