logo

আওয়ামী লীগ কার্যালয় খুলে মুজিব-হাসিনার ছবি টাঙানোর পরই গায়েব

আওয়ামী লীগ কার্যালয় খুলে মুজিব-হাসিনার ছবি টাঙানোর পরই গায়েব

শরীয়তপুরে স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয় খুলেছেন দলটির নেতাকর্মীরা। তবে কার্যালয়ের ভেতরে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় সভাপতি শেখ হাসিনার ছবি কিছুক্ষণের মধ্যেই গায়েব হয়ে যায়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জেলা শহরের পালং বাজার এলাকায় অবস্থিত দলটির কার্যালয় খুলে দেওয়া হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কমপক্ষে ১০ অজ্ঞাত ব্যক্তি কার্যালয়ের সামনে জড়ো হন। তাদের সবার মুখে মাস্ক এবং কয়েকজনের মাথায় হেলমেট ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দলীয় স্লোগান দিতে দিতে কার্যালয়ের দরজার কাঠ সরিয়ে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে কিছু সময় অবস্থান করেন। পরে তারা সেখান থেকে চলে যান। তবে অল্প সময়ের ব্যবধানে কে বা কারা ওই ছবিগুলো সরিয়ে নেয়। কিন্তু এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

এ ঘটনার এক মিনিটের একটি ভিডিও ‘শরীয়তপুর আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। সেখানে ক্যাপশনে লেখা হয়, আজ শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করে। জয় বাংলা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেন।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দলীয় স্লোগান দিতে দিতে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি হাতে কার্যালয়ের সামনে অবস্থান করছেন। পরে তারা ছবিগুলো ভেতরের দেয়ালে টাঙিয়ে দেন।

বিষয়টি জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এ সংক্রান্ত কোনো খবর আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হবে।