সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সঙ্গে গ্রামবাসীর প্রতিরোধ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে নারী-শিশুসহ ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করানোর একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় জনতা।
শনিবার (২০ জুন) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবাসীর তীব্র বাধার মুখে ভেস্তে যায়।
অনুপ্রবেশের চেষ্টাকারী এই দলে ৫ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সকালে ওই সীমান্ত এলাকা দিয়ে একদল মানুষকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে দ্রুত সেখানে গিয়ে বাধা দেয় বিজিবির টহল দল। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধ করেন। সবার শক্ত অবস্থানের কারণে তারা বাংলাদেশের ভেতরে ঢুকতে পারেনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অনুপ্রবেশে ব্যর্থ হওয়া ওই ২০ জন ব্যক্তি বর্তমানে সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৬০ গজ ভারতের ভেতরে শুকদেবপুর এলাকায় অবস্থান করছেন।
এদিকে নতুন করে কোনো অনুপ্রবেশের চেষ্টা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই সীমান্ত এলাকায় ৫৯ বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, চৌকা বিওপির পাশে একটি পুশইন চেষ্টার ঘটনা ঘটেছে। তাদেরকে জিরো লাইনে ভারতের অভ্যন্তরেই প্রতিহত করা সম্ভব হয়েছে।
.png)


