কালীগঞ্জে বিএনপির ৮ নেতা বহিষ্কার

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির একাধিক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহ জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়াদ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার নির্দেশে বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।
বহিষ্কৃত ব্যক্তিদের মধ্যে আছেন- কালীগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব মো. নজরুল ইসলাম (তোতা), যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, জবেদ আলী, অহেদ আলী লস্কর, আনোয়ার হোসেন, মো. মোশাররফ হোসেন (মোশা), মো. মিজানুর রহমান ও আহসান হাবিব মনা।
ঝিনাইদহ জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়াদ্দার জানান, দলীয় শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।