logo

হবিগঞ্জে অ্যাসিড নিক্ষেপে আহত গৃহবধূ বার্ন ইনস্টিটিউটে ভর্তি

হবিগঞ্জে অ্যাসিড নিক্ষেপে আহত গৃহবধূ বার্ন ইনস্টিটিউটে ভর্তি
প্রতীকী ছবি

হবিগঞ্জে সদর উপজেলায় এক গৃহবধূর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার বহুলা এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার ভোরে অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিবারিক সূত্রে জানা যায়, আহত অবস্থায় গৃহবধূকে প্রথমে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, কয়েক বছর আগে বহুলা-ভাদৈ এলাকার বাসিন্দা বারিক মিয়ার ছেলে উজ্জ্বল মিয়ার সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। পারিবারিক কলহ চলতে থাকায় কিছু দিন আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

বৃহস্পতিবার রাতে কর্মস্থল শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএল কোম্পানির অফিস থেকে বাড়ি ফিরছিলেন ওই নারী। বাড়ির সামনে কবরস্থানের কাছে পৌঁছালে তার মুখে অ্যাসিড নিক্ষেপ করেন উজ্জ্বল মিয়া। নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন দেখেন তার মুখমণ্ডলের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

ওই নারীর বাবা অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল মিয়া নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। ব্যাটারি থেকে সংগ্রহ করা অ্যাসিড রুবিনা বেগমের মুখে নিক্ষেপ করেন তিনি