logo

বগুড়ায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ায় রবিন হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের একটি দল। রোববার (৫ এপ্রিল) রাত ১০ টার দিকে শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজ হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারি ও নারী নির্যাতন আইনে মোট চারটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ-ছয় মাস আগে উত্তর চেলোপাড়া ও নারুলী এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে রবিনের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। এর আগে তাকে হত্যার চেষ্টাও করা হয়।

রোববার রাতে ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকার একটি কবরস্থানে গাছ থেকে আতা ফল পাড়া নিয়ে স্থানীয়দের সঙ্গে রবিনের কথা কাটাকাটি হয়। পরে রাত ১০ টার দিকে ৪–৫ জন যুবক তাকে কবরস্থানের পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি ভাঙা হকিস্টিকের অংশ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমাস আলী বলেন, নিহত ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।