দিনাজপুরে ৭ মামলার পলাতক আসামি মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় যৌথ বাহিনী অভিযানে সাত মামলার পলাতক আসামি রিপন আহম্মেদকে (৩৫) গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার রিপনকে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার রিপন আহম্মেদ ওই এলাকার জরীব উদ্দীনের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২৫ পিস বুপ্রেনরফিন/কুকিজেসিক ইনজেকশন ও একটি দেশীয় রামদা জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, রিপন আহম্মেদের বিরুদ্ধে হাকিমপুর থানায় সাতটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে হত্যাচেষ্টা ও মাদকদ্রব্যের মামলা রয়েছে।
২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হচ্ছে।

