logo
Advertisement

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, খবর শুনে মারা গেলেন বাবাও

এশিয়া পোস্ট নিউজ,সিলেট
বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, খবর শুনে মারা গেলেন বাবাও
মাসুক আহমদ। ছবি : এশিয়া পোস্ট

সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে তার বাবারও মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) বাদ জোহর আইনি প্রক্রিয়া শেষে পারিবারিক গোরস্থানে বাবা-ছেলের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পেশায় সাউন্ড সিস্টেম কর্মী মাসুক আহমদ বছরখানেক আগে বিয়ে করেন। সম্প্রতি তাদের এক কন্যাসন্তান হলেও জন্মের কিছুদিন পরই শিশুটি মারা যায়। রোববার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মাসুক। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হাসপাতালে ছেলের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছামাত্রই আব্দুল লতিফ হৃদরোগে আক্রান্ত হন। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে তার মৃত্যু হয়।

একসঙ্গে একই পরিবারের দুজনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের আবেদনের ভিত্তিতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে জানাজা শেষে বাবা-ছেলেকে পাশাপাশি দাফন করা হয়েছে।

বিষয় :